অতিথি বেশে বিয়ে বাড়ি থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত এমন একটি চক্রের সন্ধান পেয়েছে চট্টগ্রাম পুলিশ।
বৃহস্পতিবার রাতে বন্দর নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে এক কিশোরীকে আটকের পর ওই চক্রের আরও ছয়জনকে ধরা হয়।
আটকরা হল- নাজমা ওরফে রফিকা (১৪), কুলছুমা বেগম (৪৫), জিয়াছমিন (২১), তছলিমা আক্তার (১৩), জেনি (১৯), আবদুল খালেক (২০) ও নূর মোহাম্মদ (৫২)।
এরমধ্যে কুলছুমা নূর মোহাম্মদের স্ত্রী এবং জিয়াছমিন তাদের মেয়ে।
আটকদের মধ্যে নাজমা নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকা এবং অন্য ছয় জন চন্দাগাঁও থানার চেয়ারম্যান ঘাটা এলাকার বাসিন্দা।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, বৃহস্পতিবার রাতে রূপনগর কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নাজমাকে আটক করা হয়।
“আগেও একবার অন্য একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়েছিল তবে বয়স কম হওয়ায় তাকে ছেড়ে দিয়েছিলাম।”
ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমা জানিয়েছে নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে মেহমান সেজে যায় তারা।
“অনুষ্ঠান চলাকালে কৌশলে আমন্ত্রিত মহিলা অতিথিদের ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয় তারা। এছাড়া শপিংমলেও এ কৌশলে চুরি করে তারা।”
তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল সেট, কয়েকটি পার্টি ড্রেস, নগদ দুই হাজার একশ টাকা এবং এক জোড়া করে নাকফুল ও কানের দুল উদ্ধার করা হয়েছে।
ওসি মহিউদ্দিন বলেন, এই চক্রে আরও দুই সদস্য আছে। তাদের আটকের চেষ্টা চলছে।
“আটকদের মধ্যে কয়েক জনের বয়স খুব কম তাই তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”





